খাবার খাওয়ার পরপরই পেট ফোলা বা অ্যাসিডিটির সমস্যা হয়? এটি হতে পারে অস্বাস্থ্যকর অন্ত্রের সম্ভাব্য লক্ষণ। আমাদের প্রতিদিনের খাবারের একটি বড় অংশে চিনি ও চর্বিযুক্ত খাবারের প্রাধান্য থাকে, যা আমাদের পরিপাকতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। তবে আশার কথা হলো, কিছু খাবার রয়েছে, যা এই সমস্যা মোকাবিলায় সাহায্য করতে পারে। এ রকম ক্ষেত্রে দই একটি উপকারী খাবার। তবে দই ছাড়াও আরও কিছু খাবার খেতে পারেন, যেগুলো পেটের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫ খাবার সম্পর্কে।
হলুদ
যেহেতু হলুদ অ্যান্টি-অক্সিডেন্টেসমৃদ্ধ, তাই হজম প্রক্রিয়াকে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিনের রান্নায় হলুদ ব্যবহার করলে উপকার পাবেন। এ ছাড়া হলুদ দুধ বা হলুদ চা-ও খেতে পারেন।
বাটারমিল্ক
এক গ্লাস বাটারমিল্ক গরমে তৃষ্ণা মেটাতে কাজ করে। এতে প্রোবায়োটিক রয়েছে, যা অন্ত্রের স্বাস্থ্যের উন্নতির জন্য বেশ উপকারী বলে পরিচিত। খাবারের পরে এক গ্লাস বাটারমিল্ক খেলে তা পরিপাকতন্ত্রকে প্রশমিত করতে সহায়তা করে।
আমলকী
আমলকি অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ, যা হজমের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং প্রদাহ প্রতিরোধ করে। তাই আমলকী খেলে তা ডায়রিয়া এবং পেশির ক্র্যাম্পের মতো সমস্যা দূর করে।
ঘি
জাদুকরি সুপারফুড ঘিতে বিউটরিক অ্যাসিড থাকে, তাই এটি আমাদের পরিপাকতন্ত্রের জন্য বেশ উপকারী। এই অ্যাসিড ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। আপনার খাবারে এই জাদুকর সুপারফুড যোগ করতে দ্বিধা করবেন না। তবে খেতে হবে পরিমিত, খুব বেশি খাওয়া স্ব্যস্থের জন্য ভালো নয়।
আজওয়াইন
আমাদের সবারই পেট খারাপ হয়। এ ক্ষেত্রে ভাজা আজওয়াইন চিবানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, এই মসলায় থাইমলের মতো প্রয়োজনীয় তেল রয়েছে, যা অন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি হজমে বেশ দারুণভাবে কাজ করে।








































