ফের আলোচনার কেন্দ্রে টালিপাড়ার অন্যতম দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। আগে থেকেই গুঞ্জন ছিল এ দম্পতির সম্পর্কের বিচ্ছেদ নিয়ে। এবার নীলাঞ্জনার ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা আরও প্রবল হলো। এক আবেগঘন বার্তায় তিনি জানান, ‘কখনো কখনো কিছু জিনিস শেষ হয় এটার জন্য নয় যে তার অর্থ শেষ হয়ে গিয়েছে, বরং এই কারণে যে সেটার আর আমাদের নতুন করে কিছু দেওয়ার থাকে না। এই অধ্যায় যখন শেষ হচ্ছে, আমার কেবলই কৃতজ্ঞ অনুভব করছি।’
পোস্টে নীলাঞ্জনা আরও বলেন, ‘আমি যখন নিজেকে চিনতাম না, সেই সময় আমায় যে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে, যে স্বাধীনতা দিয়েছে, যার পরবর্তী সময় ধীরে ধীরে আমার মধ্যে বেড়েছে নিশ্চুপে, যে আত্মসম্মান জাগিয়েছে সেটা নননেগোশিয়েবল হয়ে দাঁড়িয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার কণ্ঠস্বর পেয়েছি।’
শেষের অংশে তিনি জানান, ‘আমি শিখেছি, আমি কী বয়ে নিয়ে চলতে পারি। যা আজ শেষ হলো তা আমায় ভেতর থেকে শূন্য করে গেল না। বরং স্বচ্ছতা দিয়ে গেল, সাহস দিল এবং নিজের উপর আত্মবিশ্বাস জাগাল। এটা এমন একটা শেষ যা আমি সম্মানের সঙ্গে এবং সম্পূর্ণ হৃদয় দিয়ে গ্রহণ করলাম।’
গত বছর থেকেই টলিউড মহলে শোনা যাচ্ছিল, তারা আর একসঙ্গে থাকছেন না । এমনকি তাঁদের মেয়েরাও নাকি বাবার সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং মায়ের পাশে দাঁড়িয়েছেন। এই দূরত্বের পেছনে অভিনেতার ঘনিষ্ঠ সহকারীকে ঘিরে আলোচনা হলেও দম্পতির কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
নীলাঞ্জনার পোস্টে সহমর্মিতা জানিয়ে মন্তব্য করেন ইন্দ্রনীল সেনগুপ্তর সাবেক স্ত্রী বরখা বিস্ত সেনগুপ্তও।
অভিনেতা যিশুকে সম্প্রতি দেখা গেছে সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। পাশাপাশি সৌরভ দাসকে সঙ্গে নিয়ে নতুন প্রযোজনা সংস্থা গড়েছেন তিনি। অপরদিকে নীলাঞ্জনা নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘নিনি চিনিস মাম্মা’-র অধীনে একাধিক ধারাবাহিক নির্মাণে ব্যস্ত।



































