চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন। বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইনে খবর প্রকাশের পর শুক্রবার প্রকাশ্যে এসে তার বেবিবাম্প স্পষ্ট হয়ে গেছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী। এ পোশাকে নায়িকার বেবিবাম্প ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে এবং তার হাঁটাচলায় বোঝা যায় তিনি প্রাথমিক পর্যায় অতিক্রম করেছেন।
জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্র যাবেন। শাকিব খানের পরামর্শে আমেরিকাতেই সন্তান জন্ম দেবেন এবং সেসময় শাকিব খানও পাশে থাকতে পারেন। অনুষ্ঠানে বুবলী হাসিমুখে সবাইকে নিজের পাসপোর্ট দেখিয়ে বলেন, "এটা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ পাসপোর্ট। যেটা আজ হাতে পেয়েছি।"
সাংবাদিকরা বুবলীর ব্যক্তিজীবন সম্পর্কে জানতে চাইলে তিনি মা হওয়ার বিষয়টি অস্বীকার বা স্বীকার কোনোটিই করেননি, বরং কৌশলে এড়িয়ে গেছেন। হাসিমুখে বুবলী বলেন, "যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই এগুলো নিয়ে যখন কথা বলবো তখন সবাইকে সম্মান জানিয়ে কথা বলব। আমি একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।"
তিনি আরও বলেন, "আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।"
শাকিব খান কিংবা বুবলী কেউই এখনো আনুষ্ঠানিকভাবে মা-বাবা হওয়ার বিষয়টি জানাননি। তবে কালের কণ্ঠকে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে যে বুবলী অন্তঃসত্ত্বা এবং শাকিব খান বাবা হতে যাচ্ছেন। শাকিব-বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান।
শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে বরাবরই প্রশ্ন থাকলেও তাদের দ্বিতীয়বার বাবা-মা হওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বছর যখন শাকিব, বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একসাথে ঘুরছিলেন, তখনও তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এখন সেই প্রশ্ন আবার সামনে এসেছে।







































