সেরা স্বামী’র বাহবা পেলেন অভিষেক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩২ পিএম
সেরা স্বামী’র বাহবা পেলেন অভিষেক

দীর্ঘদিন ধরেই অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের দাম্পত্যজীবন ঘিরে নানা জল্পনা চলছে। বিচ্ছেদ নিয়ে বছর দেড়েক ধরে আলোচনা হলেও এ বিষয়ে নীরব ছিলেন দু’জনেই। তবে সম্প্রতি ঐশ্বর্যাকে নিয়ে করা এক মন্তব্যে নেটাগরিকদের প্রশংসা কুড়িয়েছেন অভিষেক।

বহু বছর ধরে বড়পর্দায় তুলনামূলকভাবে কম কাজ করলেও ঐশ্বর্যাকে নিয়ে দর্শকের আগ্রহ এতটুকু কমেনি। ব্যক্তিগত জীবন ও কেরিয়ার—দুটো বিষয়েই তাঁকে ঘিরে নানা মতামত শোনা গেছে। এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা স্পষ্ট করে জানান, অভিনয় থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত ছিল তাঁর নিজেরই।

তিনি বলেন, “আমার মধ্যে কোনও দিনই নিরাপত্তাহীনতা ছিল না। মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে, স্বামীকে সময় দিতে চেয়েছি। জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি আলাদা।”

ঐশ্বর্যা খুব বেছে কাজ করেন। ২০২৩ সালে ‘পোন্নিয়ান সেলভান ২’ ছবিতে শেষ বার তাঁকে বড়পর্দায় দেখা যায়। সেই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশ দর্শক অভিষেকের কাছে দাবি তোলেন—ঐশ্বর্যা যেন আরও বেশি ছবিতে কাজ করেন।

এই প্রসঙ্গেই অভিষেক স্পষ্টভাবে বলেন, “আমি ওকে অনুমতি দেওয়ার কেউ নই। ও নিজের সিদ্ধান্ত নিজে নেয়। যে কাজ করতে ও ভালোবাসে, সেখানে আমার অনুমতির প্রশ্নই নেই।”

Link copied!