রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশি ‘মাস্টার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:০৬ এএম
রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশি ‘মাস্টার’

বাংলাদেশি সিনেমার জন্য দারুণ এক গর্বের সংবাদ দিয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)। কারণ, এবারই প্রথম উৎসবটিতে একসঙ্গে দেশের তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে। শুধু তাই নয়, সিনেমার শিল্পী ও কুশলী গিয়েছেন উৎসবটিতে। অংশগ্রহণেই থামেনি বাংলাদেশ, এর মধ্যে দিয়েছে সুখবরও। 

নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই উৎসবের ৫৫তম আসরে মর্যাদাপূর্ণ বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’।

৬ ফেব্রুয়ারি রাতে সিনেমাটি বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয়ের খবর নিশ্চিত করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত ও শিল্পীরা। আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসাময়িক সিনেমার জন্য নতুন এক মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন সিনেমাটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসিরউদ্দিন খান। নির্মাতাসহ তারা চারজনই উৎসবে সরাসরি অংশ নিয়েছেন। ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ‘মাস্টার’-এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো সিনেমার টিম।

ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম। অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে। বাংলাদেশের জন্য কী দারুণ একটি দিন!’

জাকিয়া বারী মমও আনন্দঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘আইএফএফআরের ৫৫তম আসরে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড উইনার সিনেমা ‘মাস্টার’।’’

সরকারি অনুদানে নির্মিত ‘মাস্টার’ সিনেমাটি একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে নির্মিত হয়েছে। এতে আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নাসির উদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শরিফ সিরাজসহ অনেকে।

উৎসবে পুরস্কারের সঙ্গে ‘মাস্টার’ পেয়েছে ১৫ হাজার ইউরো পুরস্কারমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার সমান। এ ছাড়া, চলচ্চিত্রটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। এর ফলে ইউরোপীয় বাজারে ছবিটির প্রদর্শন ও সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ‘মাস্টার’ একটি ব্যক্তির নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের সর্বজনীন গল্প তুলে ধরে। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়- তা ছবিতে অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় উপস্থাপিত হয়েছে। এ ছাড়াও ভিজ্যুয়াল, জীবন্ত লোকেশন এবং বাস্তবধর্মী পার্শ্বচরিত্রের ভেতর দিয়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে গভীর অভিনয়ে ফুটিয়ে তুলেছেন মূল অভিনেতা, যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচিত করে।

উল্লেখ্য, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে আরও দুটি সিনেমা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ এবং  মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত ‘দেলুপি’।

Link copied!