বনগাঁকাণ্ডে আদালতে গোপন জবানবন্দি মিমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:৪৬ এএম
বনগাঁকাণ্ডে আদালতে গোপন জবানবন্দি মিমির

বনগাঁর একটি অনুষ্ঠানে হেনস্থার অভিযোগ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দি দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই মামলার মূল অভিযুক্ত তনয় শাস্ত্রীর বিরুদ্ধে এ বার শারীরিক হেনস্থার নতুন অভিযোগ যুক্ত হয়েছে বলে সূত্রের খবর।

প্রথমে তনয়ের বিরুদ্ধে শুধুমাত্র অসম্মান ও হেনস্থার অভিযোগ আনেন মিমি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়া ও ধস্তাধস্তিতে জড়ানোর অভিযোগে তনয় শাস্ত্রী এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। যদিও তদন্তের অগ্রগতিতে জানা যাচ্ছে, বুধবার তনয়ের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অতিরিক্ত একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই কারণেই আদালতে মিমির গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে মিমি সংবাদমাধ্যমকে জানান, “প্রত্যেকটি তদন্তের একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া থাকে। সেই প্রক্রিয়া মেনেই আমি জবানবন্দি দিয়েছি। আমার লড়াই মিথ্যার বিরুদ্ধে ছিল এবং থাকবে।”

অন্য দিকে, অভিযুক্ত তনয় শাস্ত্রী শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাঁর বক্তব্য, বনগাঁর ওই অনুষ্ঠানে তিনি কোনও ভাবেই অভিনেত্রীকে অসম্মান করেননি। এ বিষয়ে মিমির পাল্টা মন্তব্য, “সেই দিন ক্লাবের বাকি সকলেই আমার সঙ্গে ভদ্র আচরণ করেছিলেন। শুধু তনয় শাস্ত্রী ব্যতিক্রম ছিলেন। আমার অভিযোগ নির্দিষ্ট একজনের বিরুদ্ধেই ছিল। আমি মঞ্চ ছাড়ার পরেও সেই রাতে অনুষ্ঠান চলেছে।”

উল্লেখ্য, গত রবিবার বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় একটি মঞ্চানুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন তাঁকে ‘অভদ্র ভাবে’ মঞ্চ ছাড়তে বলেন তনয়। পরে তিনি ই-মেলের মাধ্যমে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে তনয়ের বাড়িতে যায় পুলিশ, যেখানে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার পরই তনয়কে গ্রেফতার করা হয়।

Link copied!