জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেনের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন করে আর চুক্তি নবায়ন করতে চান না।
তবে একটি সূত্র জানিয়েছে, বিসিবি তাঁকে আরও দু-তিন মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে। অল্প সময়ের জন্য হলে দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি নেই গাজী আশরাফেরও। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।
গাজী আশরাফের সঙ্গে দীর্ঘ মেয়াদে নতুন চুক্তি হবে কি না, হলেও সেটি কত দিনের জন্য, জানতে চাইলে বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাস শেষ হলে তাঁর মেয়াদ শেষ হবে। তখন বোর্ডের চাওয়া ও তাঁর ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
অবশ্য বিসিবি চাইলেও লম্বা সময়ের জন্য আর প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন না গাজী আশরাফ। আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন। এ বছরের বাকি ১০ মাসের মধ্যেও একটা বড় সময় দেশের বাইরে থাকবেন বলেও বিসিবিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন প্রধান নির্বাচক।
২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের চুক্তিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন গাজী আশরাফ। তাঁর বোর্ড পরিচালকের মর্যাদা ও সুযোগ-সুবিধা দিয়েই তাঁকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছিল নাজমুল হাসানের তৎকালীন বোর্ড।
তথ্যসূত্র : প্রথম আলো





































