টি–টুয়েন্টি বিশ্বকাপ

হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:২০ এএম
হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড

র‍্যাঙ্কিংয়ে এক দলের অবস্থান ৩, অন্য দলের ১৩। দুই দলের শক্তি–সামর্থ্য, টি–টুয়েন্টি বিশ্বকাপে সাফল্যের হারেও ব্যবধান এমন বড়সড়ই। তবু তিন নম্বরে থাকা ইংল্যান্ড আজ ১৩ নম্বরের স্কটল্যান্ড নিয়ে বড় দুশ্চিন্তায়ই ছিল। হারলেই যে সুপার এইটের সম্ভাবনা মিইয়ে যেত!

তবে কলকাতার ইডেন গার্ডেনে শেষ পর্যন্ত হাঁফ ছেড়ে বেঁচেছে হ্যারি ব্রুকসের দল। ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখল ইংল্যান্ড।

রান তাড়ায় ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১৫৩। কিন্তু প্রথম ওভারে ফিল সল্ট আর দ্বিতীয় ওভারে জস বাটলারের উইকেট হারিয়ে দলটি খোলসের মধ্যে ঢুকে পড়ে। প্রথম চার ওভারে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ২১। এ সময়ে একটিও বাউন্ডারি হয়নি।

পরিসংখ্যান বলছে, টি–টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা যেখানে কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে পূর্ণ সদস্যের দেশ প্রথম চার ওভারেই কোনো বাউন্ডারি মারতে পারেনি।

ইনিংসের ২৭তম বলে প্রথম বাউন্ডারি পাওয়া ইংল্যান্ড অবশ্য ঘুরে দাঁড়িয়েছে দ্রুতই। জ্যাকব বেথেল ও টম ব্যান্টনের তৃতীয় উইকেট জুটিতে যোগ হয় ৬৬ রান।

বেথেল ২৮ বলে ৩২ রান করে ফিরে গেলেও এক প্রান্ত ধরে রাখেন ব্যান্টন। স্যাম কারেনের সঙ্গে ৪৬ আর উইল জ্যাকসের সঙ্গে অবিচ্ছিন্ন ২৩ রানের জুটিতে ইংল্যান্ডকে নিয়ে যান জয়ের বন্দরে।

আগের দুই ম্যাচে মোট ৪ রান করে আউট হয়ে যাওয়া ব্যান্টন আজ অপরাজিত থাকেন ৪১ বলে ৬৩ রানে।

এর আগে টসে হেরে আগে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের রান দেড় শ পার হয় রিচি বেরিংটন ও মাইকেল জোনসের সৌজন্যে। চারে নামা বেরিংটন ৩২ বলে ৪৮ রানের ইনিংস খেলেন, ওপেনার জোনস করেন ২০ বলে ৩৩। ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন আদিল রশিদ।

‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড এখন ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ডের অবস্থান ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিনে।

Link copied!