পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরে দল পেলেন বাংলাদেশের তরুণ স্পিনার রিশাদ হোসেন। নিলামে ৩ কোটি পাকিস্তানি রুপিতে তাকে কিনে নিয়েছে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি ।
নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে । গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে এবং ১৩টি উইকেট নিয়েছিলেন।
২২ বছর বয়সী এই লেগ স্পিনার বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২৪ সালের আইসিসি টি২০ বিশ্বকাপে তিনি ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে টি২০ বিশ্বকাপের এক সংস্করণে বাংলাদেশি বোলার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এবং টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ।
আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদের প্রথম স্কোরিং শট ছিল একটি ছক্কা, যা তিনি ২০২৩ সালের ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০আই অভিষেকে তৃতীয় ডেলিভারিতে হাঁকান । ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি২০আইতে তিনি ৩০ বলে ৭টি ছক্কাসহ ৫৩ রান করে টি২০আইতে তার প্রথম অর্ধশতক করেন ।
গত মৌসুম পিএসএল ১০-এ রিশাদ রৌপ্য বিভাগে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছিলেন। পিএসএলে তার অভিষেকে তিনি ১ বলে ১ রান করেন এবং ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন । ফ্ল্যাট পিচ, পাওয়ার হিটার আর ফাস্ট বোলারদের দাপটের মাঝেও রিশাদ ছিলেন আক্রমণাত্মক অস্ত্র এবং বড় জুটি ভাঙার দায়িত্বই ছিল তার কাঁধে ।
এবার নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে খেলার সুযোগ পেয়ে রিশাদ আরও ভালো পারফরম্যান্স দেখানোর প্রত্যাশায় রয়েছেন। পিএসএলের পর বিগ ব্যাশেও ধারাবাহিক সাফল্য দেখিয়ে রিশাদ প্রমাণ করেছেন যে তিনি টি২০ ফরম্যাটে একজন মূল্যবান সম্পদ । বাংলাদেশের এই তরুণ স্পিনার এখন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের জায়গা পোক্ত করে নিচ্ছেন।







































