টি-টুয়েন্টি বিশ্বকাপ

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৫৩ পিএম
বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ছিটকে পড়েছেন আগেই। দলের অন্যতম দুই ফাস্ট বোলারকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রেলিয়া আজ প্রথম ম্যাচের আগে দুঃসংবাদ শুনল আরও। কুঁচকিকে বলের আঘাত পাওয়া অধিনায়ক মিচেল মার্শকে ছাড়াই আজ প্রথম ম্যাচে খেলতে নামতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

তবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে ‘দুর্বল’ অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করল সাবেক চ্যাম্পিয়নরা। ১৮৩ রানের লক্ষ্য ছুঁতে নেমে ১৬.৫ ওভারে আয়ারল্যান্ড অলআউট ১১৫ রানে।


মার্শের অনুপস্থিতিতে আজ অস্ট্রেলিয়া খেলেছে ট্রাভিস হেডের নেতৃত্বে। টসে জিতে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার ওপেনার। অস্ট্রেলিয়া ৬ উইকেটে করে ১৮২ রান । যেখানে অধিনায়কের অবদান মাত্র ৬। দলকে ৭ রানে রেখে হেড ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেটে ৪৯ রান যোগ করেন জশ ইংলিস (১৭ বলে ৩৭) ও ক্যামেরুন গ্রিন (১১ বলে ২১)।

গ্রিন ও ইংলিসের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েলও (৯ বলে ৯)। দশম ওভারে ম্যাক্সওয়েল যখন বিদায় নিলেন, অস্ট্রেলিয়ার স্কোর ৮৮/৪। সেখান থেকেই ৬১ রানের জুটি ম্যাট রেনশ ও মার্কাস স্টয়নিসের। ৩৩ বলে ৩৭ রান করেছেন রেনশ। অলরাউন্ডার স্টয়নিস ইনিংস সর্বোচ্চ ৪৫ করেছেন ২৯ বলে। শেষ দিকে ১৩ বলে ২৩ রান যোগ করেন কুপার কনোলি ও জেভিয়ার বার্টলেট। দুজনই অপরাজিত ছিলেন ১১ রান করে।

রান তাড়ার শুরুতেই দুঃসংবাদ সঙ্গী হয় আয়ারল্যান্ডের। ইনিংসের প্রথম বলে ১ রান নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হন অধিনায়ক পল স্টার্লিং। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া স্টার্লিং খুঁড়িয়ে খুঁড়িয়েই মাঠ ছাড়েন। এরপর দ্বিতীয় ওভারে ম্যাথু কুনেমান হ্যারি টেক্টরকে ফেরানোর পর আইরিশদের বাকি ৮টি উইকেট নিয়মিত বিরতিতে তুলে নেন নাথান এলিস ও অ্যাডাম জাম্পা। পেসার এলিস ১২ রানে ও লেগ স্পিনার জাম্পা ২৩ রানে নিয়েছেন ৪ উইকেট।

৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন আটে নামা জর্জ ডকরেল।
 

Link copied!