ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ২৯৯টি আসনের ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ২,০৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশন জানায়, যে সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে, সেখানে সিসি ক্যামেরার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে। যদিও কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে—সুনির্দিষ্ট সংখ্যা কমিশন বুধবার জানাবে।
সানাউল্লাহ বলেন, “বাংলাদেশে এতো বিশাল সংখ্যক বাহিনী একসঙ্গে কখনো মোতায়েন করা হয়নি। তাই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, তার জন্য আমরা প্রস্তুত।”
১৩ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, এসব অস্ত্রের একটি অংশ নির্বাচনে অপব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
১২ ফেব্রুয়ারির ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক অগ্রগতি জানাবে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।






























