শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের হাতে চেক হস্তান্তর করেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
চেক হস্তান্তরের অনুষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রীড়া পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ডাকসু ও বিসিবির মধ্যে শিগগিরই সমঝোতা স্মারক স্বাক্ষর করার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, ক্রিকেট মৌসুমে অন্তত ১০০ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠ ব্যবহার করবে বিসিবি। মাঠে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন স্তরের ম্যাচ আয়োজন করা হবে।






























