দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ড এবং প্রকাশ্য বক্তব্যের কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে আয়োজিত এক উঠান বৈঠকে মুন্সী উসকানিমূলক বক্তব্য দেন। তিনি দাবি করেন, বিএনপি ছাড়া অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হবে।
তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং শুরু হয় ব্যাপক সমালোচনা। এ বিষয়ে ইত্তেফাক ডিজিটালসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।






























