ময়মনসিংহে দোকানে ঢুকে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:৫৩ পিএম
ময়মনসিংহে দোকানে ঢুকে চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তায় এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে একটি চালের আড়তের মালিক ছিলেন। সোমবার রাত ১১টার দিকে দোকানে ঢুকে তাঁকে ধারালো অস্ত্রে কোপানো হয় এবং দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, হামলার পর দুর্বৃত্তরা দোকানের শাটার বন্ধ করে পালিয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা শাটার খুলে সুসেন চন্দ্রকে রক্তাক্ত অবস্থায় পান। দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সুজন সরকার বলেন, তাঁদের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। পরিকল্পিতভাবে হত্যা করে টাকা লুট করা হয়েছে। তিনি দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, এখনো মামলা হয়নি এবং কাউকে আটক করা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!