নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেন স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:০৮ পিএম
নাটোরে বিএনপি প্রার্থীর অভিযোগে ইসলামী ব্যাংকের ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামী ব্যাংকের নাটোর শাখায় প্রায় চার কোটি টাকার একটি লেনদেন স্থগিত করা হয়েছে। লেনদেনটি সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো হচ্ছিল।

রুহুল কুদ্দুস বলেন, ভোটের ঠিক এক দিন আগে এত বড় টাকা উত্তোলন সন্দেহজনক এবং ভোট কেনাবেচার কাজে ব্যবহার হতে পারে। তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রিটার্নিং কর্মকর্তার কাছে লেনদেনটি স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগের পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা রেজাউল করিম জানান, চার কোটি টাকার লেনদেন ব্যাংকের জন্য বড় কোনো লেনদেন নয় এবং এটি একটি এটিএম বুথের জন্য ছিল; এতে সন্দেহের কোনো বিষয় নেই। সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জল কুমারও নিশ্চিত করেছেন যে অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, প্রার্থীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Link copied!