মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:০৮ পিএম
মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই জারি করা হবে বলে জানিয়েছে কমিশন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ব্যবহার নিষিদ্ধ রাখার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন অল্প সময়ের মধ্যেই জারি করা হবে।

এর আগে রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত নেয় ইসি। এ সংক্রান্ত একটি চিঠি সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সইয়ে সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল।

চিঠিতে বলা হয়েছিল, প্রিজাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী নির্ধারিত দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

তবে সিদ্ধান্তটি ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

Link copied!