আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে মোবাইল ঘরে রেখে ভোট দিতে যেতে হবে। এমনকি মোবাইল সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজমও এই সিদ্ধান্তের ফলে নিষিদ্ধ হয়ে যাবে। এটিকে তিনি একটি হঠকারী সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই এবং এমন সিদ্ধান্ত তিনি আগে কখনো দেখেননি। এই নিষেধাজ্ঞার ফলে কোনো বিপদ ঘটলে তাৎক্ষণিকভাবে কাউকে ফোন করে জানানোও সম্ভব হবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার মোবাইল ছাড়া কেন্দ্রে যেতে অনিচ্ছুক হতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না। মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে অনিয়ম ও জালিয়াতির চিত্র দ্রুত তুলে ধরতে পারেন, সিসি ক্যামেরা তা পারে না। কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত মোবাইল ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তার অভিযোগ, অনিয়ম ও জালিয়াতির ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে, সে কারণেই নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করে তিনি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।































