দুয়েক দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদ বিবরণী: প্রেস সচিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১১:০২ পিএম
দুয়েক দিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদ বিবরণী: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করা উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।

ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আমি যতটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই তাদের সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটা আমরা পাবলিক করব।”

২০২৪ সালের অগাস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছিলেন, দ্রুত সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। যদিও অন্তর্বর্তী সরকারের মেয়াদ ফুরিয়ে এলেও এখনো সেটি প্রকাশ করা হয়নি।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা। বিপ্লবোত্তর সময়ে, আমরা বলব অধ্যাপক ইউনূসের লিডারশিপের কারণে দেশ ভয়ানক রকমের বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে।”

সূত্র: বিডিনিউজ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!