বিশ্বকাপের মঞ্চেই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হলো নেপালের অফ স্পিনার শের মাল্লার। মুম্বাইয়ে অনুষ্ঠিত ম্যাচে অভিষেকটা তিনি স্মরণীয় করে রাখলেন প্রথম বলেই উইকেট তুলে নিয়ে। এর মাধ্যমে মাত্র চতুর্থ বোলার হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই প্রথম বলেই উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন ২৩ বছর বয়সী এই স্পিনার।
ইংল্যান্ডের ইনিংসের দ্বিতীয় ওভারে শের মাল্লার হাতে বল তুলে দেন নেপাল অধিনায়ক রোহিত পৌডেল। প্রথম ডেলিভারিতেই আক্রমণাত্মক হতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন ফিল সল্ট। তবে লিডিং এজে বল উঠে যায় শর্ট ফাইন লেগে, যেখানে সহজ ক্যাচ নেন সন্দীপ লামিচানে।
এই উইকেটের সুবাদে এক বিশেষ তালিকায় জায়গা করে নেন শের মাল্লা। আগে এই কীর্তি গড়েছিলেন ভারতের প্রজ্ঞান ওঝা, হংকংয়ের নাদিম আহমেদ ও নেপালের পরশ খাড়কা।
২০০৯ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রজ্ঞান ওঝা অভিষেক ম্যাচে প্রথম বলেই আউট করেন বাংলাদেশের সাকিব আল হাসানকে। ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত হংকং–নেপাল ম্যাচে একই দিনে দুবার এমন ঘটনা দেখা যায়। নেপালের ইনিংসে হংকংয়ের বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ প্রথম বলেই ফেরান সুবাস খাকুরেলকে। পরে হংকং ইনিংসের প্রথম বলেই পেস বোলিংয়ে ইরফান আহমেদকে আউট করেন পরশ খাড়কা। ওই ম্যাচে নেপাল ও হংকং—দুই দলের সব মিলিয়ে ২২ জন খেলোয়াড়েরই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছিল।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম বলেই উইকেট নেওয়া বোলারের সংখ্যা মোট ২৮ জন। তাঁদের মধ্যে অস্ট্রেলিয়ার মাইকেল কাসপ্রোভিচ ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আরও এক ধাপ এগিয়ে—ক্যারিয়ারের প্রথম দুই বলেই উইকেট পেয়েছিলেন তাঁরা।
কাসপ্রোভিচ এই কীর্তি গড়েন ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচে। নিউজিল্যান্ড ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলেই আউট করেন স্টিভেন ফ্লেমিং ও ম্যাথু সিনক্লেয়ারকে। আর লকি ফার্গুসন ২০১৭ সালে নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে ষষ্ঠ ওভারে বোলিংয়ে নেমে প্রথম দুই বলেই ফিরিয়ে দেন সাব্বির রহমান ও সৌম্য সরকারকে।





































