খামেনির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আঞ্চলিক সংঘাত সৃষ্টি হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৫৬ পিএম
যুক্তরাষ্ট্র আক্রমণ করলে আঞ্চলিক সংঘাত সৃষ্টি হবে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে সংঘাতের রূপ নেবে। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খামেনি বলেন, “আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং অন্য দেশের ওপর আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় বা হয়রানি করে, তবে কঠোর পাল্টা আঘাত হানা হবে।” তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির সমালোচনা করে বলেছেন, এসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হবে না।

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। তেহরান জানিয়েছে, তারা ন্যায়সংগত আলোচনার জন্য প্রস্তুত, তবে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা হ্রাস করার শর্তে কোনো আলোচনা হবে না।

বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরি এবং তিনটি উপকূলীয় যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা ১৯৭৯ সালের ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়। সরকারি তথ্য অনুযায়ী, বিক্ষোভে ৩,১১৭ জনের মৃত্যু হয়েছে, তবে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ ৬,৭১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, বড় কোনো সংঘাত উভয়ের জন্যই ক্ষতিকর হবে এবং ইরান কখনো যুদ্ধ চায়নি।

একই সময়ে ইরানের সেনাপ্রধান আমির হাতামি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, তাদের বাহিনী সম্পূর্ণ সামরিক ও রক্ষণাত্মক প্রস্তুতিতে রয়েছে।

Link copied!