যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেডি মার্গারেট হলে শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে। গত শুক্রবার থেকে হলের দেয়ালে শোভা পাচ্ছে প্রতিকৃতিটি। এর মাধ্যমে দ্বিতীয় কোনো পাকিস্তানির প্রতিকৃতি সেখানে স্থান পেল। এর আগে একই হলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রতিকৃতি টাঙানো হয়েছিল।
মালালার প্রতিকৃতিটি এঁকেছেন ব্রিটিশ চিত্রশিল্পী ইসাবেলা ওয়াটলিং। উন্মোচন অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অক্সফোর্ডের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষাবিদ, মালালার পরিবারের সদস্য এবং তাঁর স্বামী আসার মালিকও ছিলেন।
নারী শিক্ষার্থীদের জন্য বার্তা
অনুষ্ঠানে দেওয়া ভাষণে মালালা বলেন,
“পাকিস্তানের সাংলা থেকে তানজানিয়ার মিয়নকংগো স্কুল কিংবা উত্তর লন্ডনের হ্যারো হাইস্কুল—যেখানকারই মেয়ে হোক না কেন, আমি আশা করি এই স্বীকৃতি তাদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে। বার্তাটি হলো, তারা এখানকারই অংশ এবং এই হলগুলোর ভেতর দিয়ে হাঁটার সময় নিজেদেরই দেখতে পাবে।”
পরে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মালালা বলেন, বেনজির ভুট্টো তাঁর জন্য অনুপ্রেরণার প্রতীক। বেনজিরের মতো তাঁর প্রতিকৃতিও একই হলে স্থান পাওয়াটা তাঁর জন্য বড় সম্মানের। “বেনজির শুধু পাকিস্তান নয়, সারা বিশ্বের নারীদের জন্য অনুপ্রেরণা,” বলেন তিনি।
শিক্ষায় অবদানের স্বীকৃতি
অক্সফোর্ড পাকিস্তান প্রোগ্রামের সহপ্রতিষ্ঠাতা তালহা জে পিরজাদা বলেন, মালালা শুরু থেকেই এই প্রোগ্রামের দৃঢ় সমর্থক। শিক্ষা ও সমতার প্রতি তাঁর অঙ্গীকারের ফলে পাঁচজন মেধাবী পাকিস্তানি নারী অক্সফোর্ডে পড়ার সুযোগ পেয়েছেন, যাঁরা সবাই লেডি মার্গারেট হলে অধ্যয়ন করেছেন।
সংগ্রাম থেকে বিশ্বস্বীকৃতি
১৯৯৭ সালের ১২ জুলাই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় জন্মগ্রহণ করেন মালালা ইউসুফজাই। তালেবানের বাধা সত্ত্বেও নারীশিক্ষার পক্ষে সোচ্চার হওয়ায় ২০১২ সালে তাঁকে গুলিবিদ্ধ করা হয়। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন এবং আরও জোরালোভাবে নারীশিক্ষা নিয়ে কাজ শুরু করেন।
নারীশিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য ২০১৪ সালে ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা—সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে। ২০১৩ সালের ১২ জুলাই, তাঁর ১৬তম জন্মদিনে জাতিসংঘ দিনটিকে ‘মালালা দিবস’ ঘোষণা করে। ২০১৭ সালে জাতিসংঘ তাঁকে শান্তির দূত হিসেবে নিয়োগ দেয়।
— জিও নিউজ অবলম্বনে






































