ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে রাজধানী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট, বিশেষ রোবাস্ট পেট্রোলিং, ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা দিচ্ছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটকানো হচ্ছে।
রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেন, যারা জাল ভোট দেয়ার চেষ্টা করবে, কেন্দ্র দখল করার চেষ্টা করবে, ফলাফল মেনে না নিয়ে নাশকতার চেষ্টা করবে তারাই ঝুঁকিতে আছে।
তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে কাজ করছি। কোথাও যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটে এবং ভোট গ্রহণের পরিবেশ নষ্ট হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, ‘নির্বাচন আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় এমন কাজ যেন করতে না পারে সেজন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখি। যাতে করে যারা এ ধরনের অপরাধ করে তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা সতর্ক অবস্থানে থাকব। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই মাঠে কাজ করছে।’
রাজধানীর অলি-গলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়কে সামনে পিকআপ, পেছনে এপিসি দিয়ে সাইরেন বাজিয়ে বিজিবি টহল দিচ্ছে। সেনাবাহিনীও শক্ত অবস্থানে রয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি আটকানো হচ্ছে। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলেই গাড়ি জব্দ করা হচ্ছে। বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র পরিবহন বন্ধেও তল্লাশি চলছে। বিভিন্ন স্থানে চলছে টহল।
সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শের-ই-বাংলা নগর ক্যাম্পের কমান্ডার মেজর ফুয়াদ আল ইসলাম বলেন, প্রতিটি ওয়ার্ড প্রতিটি কেন্দ্রের আশপাশে আমাদের টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে অবৈধ সরঞ্জাম নিয়ে কোনো দুস্কৃতিকারী ঢুকতে না পারে এবং কোনো ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।
চেকপোস্টের সঙ্গে মোবাইল ও ফুট পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন রয়েছে ২৬ হাজার সদস্য।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, কোনো ধরনের হামলা ও নিরাপত্তার ঝুঁকি নেই। তার পরেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোটারদের আশ্বস্ত করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশেই রয়েছে।’





























