কানাডায় হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:৪৪ পিএম
কানাডায় হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুলে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে । হঠাৎ স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়েছেন এক বন্দুকধারী। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অনেকে ।

 

কানাডার স্থানীয় সময় গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে । রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, হামলার পর ঘটনাস্থল থেকে ৬ জনকে নিহত অবস্থায় উদ্ধার করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় ।

এছাড়া স্কুল থেকে আলাদা একটি বাসভবনে আরও দুজনের মৃতদেহ পাওয়া যায়, যা এই হামলার সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে পুলিশ । এভাবে মোট ১০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে হামলাকারীও রয়েছে।

 

প্রায় ২৫ জনেরও বেশি আহত হয়েছেন এই হামলায় । তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

হামলাকারীকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় । পুলিশ জানায়, আত্মঘাতী আঘাতের কারণে হামলাকারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

 

আরসিএমপি সুপারিনটেনডেন্ট কেন ফ্লয়েড সাংবাদিকদের জানান, তারা হামলাকারীকে শনাক্ত করেছেন কিন্তু নাম প্রকাশ করবেন না । হামলার উদ্দেশ্য এখনও অস্পষ্ট রয়েছে। তিনি বলেন, "আমরা এখনো বুঝতে পারছি না কেন বা কী এই ট্র্যাজেডিকে উস্কে দিয়েছে" ।

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি এই হামলাকে 'অকল্পনীয় ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করেছেন । কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেন, "আজকের টাম্বলার রিজে ভয়াবহ গুলিবর্ষণে আমি বিধ্বস্ত" ।

টাম্বলার রিজ একটি ছোট শহর, যার জনসংখ্যা প্রায় ২,৪০০ । স্কুলটিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে । হামলার পর স্কুল এবং এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহের বাকি সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ।

Link copied!