পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী ও দলটির সভাপতি নুরুল হক নূর গুলিবিদ্ধ হওয়ার খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের পর নিজেই বিষয়টি পরিষ্কার করেন তিনি।
নূর জানান, তিনি সুস্থ আছেন এবং বর্তমানে নির্বাচনী এলাকাতেই অবস্থান করছেন। গুলিবিদ্ধ হওয়ার কথিত খবরকে উদ্দেশ্যপ্রণোদিত গুজব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার কর্মী–সমর্থকদের মনোবল ভেঙে দিতে এবং ভোটারদের মধ্যে ভয় ছড়াতেই এই প্রচারণা চালানো হয়েছে।
নূর অভিযোগ করেন, তার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের অনুসারীরা। তিনি দাবি করেন, হাসান মামুনের স্ত্রী প্রশাসনের একজন কর্মকর্তা হওয়ায় স্থানীয় প্রশাসনে প্রভাব খাটানো হচ্ছে, যার কারণে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলেও ফল মিলেনি
মঙ্গলবার রাতে তার নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে
তার বোনের বাসার সামনে উসকানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা তৈরি করা হয়েছে
চলমান পরিস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বাড়ছে বলে মন্তব্য করেন নূর। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে আজ পুলিশ সুপারের কাছে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।





























