মুখপাত্র মাহদী আমিন 

বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা  সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৮:৪২ পিএম
বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা  সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে

বিএনপির বিজয় অনিবার্য জেনে একটি গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। পাশাপাশি তিনি কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন, সেই প্রশ্ন তোলেন।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, যেখানে নির্বাচনে অবৈধ অর্থনৈতিক লেনদেন প্রতিহত করতে সব ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক লেনদেন ও কার্যক্রম বন্ধ রয়েছে, সেখানে জামায়াতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন, সেটি একটি প্রশ্ন।


আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেখানেই দেশের বর্তমান নির্বাচনী পরিস্থিতি, অনিয়ম ও দলের অবস্থান তুলে ধরতে গিয়ে মাহ্দী আমিন এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

ঢাকা থেকে যাওয়ার পর সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটিরও বেশি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটক হওয়ার ঘটনা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, টানা চার দিন যেখানে দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ, সেখানে এত বিপুল পরিমাণ অর্থ কোনো ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত হতে পারে, সেটি বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, উল্লেখ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র বলেন, ‘স্পষ্টতই, আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করে। যারা ইনসাফ প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে বয়ান তৈরি করে, তাদের কাছে প্রশ্ন করা যেতেই পারে, টাকা দিয়ে ভোট কেনা তাদের সেই দুর্নীতিবিরোধী বয়ানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ?’

সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেখার সুযোগ নেই উল্লেখ করে মাহদী আমিন অভিযোগ করেন, দেশের অন্যান্য জায়গার মতো জামায়াতের আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫–তেও একই রকম অবৈধ অর্থনৈতিক লেনদেনের ঘটনা সংগঠিত হতে দেখা গেছে। কুমিল্লা, নোয়াখালী, খুলনাসহ দেশের অসংখ্য জায়গায় এমন ঘটনা দেখা গেছে।

গণমাধ্যমে প্রাপ্ত সংবাদের বরাত দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বলেন, দেশের অনেক জায়গায় ভোটারদের মধ্যে ভীতি ছড়াতে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত, ভোটের মাঠে নানা বিশৃঙ্খলা সৃষ্টিসহ অনৈতিক কার্যক্রমের সঙ্গে জড়িত সেই দলের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে।

মাহদী আমিন দ্রুত, দেশব্যাপী নির্বাচন কমিশন তথা রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিটি ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। বোরকা ও নিকাবের অপব্যবহার করে কেউ যেন মিথ্যা পরিচয়ে জাল ভোট দিতে না পারে, সে জন্য তিনি ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে ভোটারের পরিচয় নিশ্চিত করার দাবি জানান।

মাহদী আমিন জানান, এই নির্বাচন শুধু কেবল ভোটের অধিকার নয়, এই নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই। এই নির্বাচন শহীদ এবং গুম হওয়া প্রতিটি সন্তানের মায়ের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার সংকল্প। এই নির্বাচন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য। দেশি-বিদেশি গণমাধ্যমেও সেই চিত্র ফুটে উঠেছে। মাঠের বাস্তবতা, জনস্রোত, গ্রহণযোগ্য জরিপ, তথা গণমানুষের প্রত্যাশায় আজ এটিই প্রতিফলিত।

আগামীকাল সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেন, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয় হোক বাংলাদেশের মানুষের।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!