জাপানের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এ জয়ের মাধ্যমে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে দলটি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রাথমিক ফল অনুযায়ী, রোববার অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি জয় পেয়েছে ৩১৬টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩ আসনের তুলনায় এটি অনেক বেশি। তবে এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি।
জয়ের ইঙ্গিত পাওয়ার পর সাংবাদিকদের প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, “আমরা দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতির গুরুত্বের ওপর জোর দিয়েছি। অর্থনৈতিক স্থায়িত্ব বজায় রেখে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
গত সাত দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক বছরগুলোতে তহবিল জালিয়াতি ও ধর্মীয় কেলেঙ্কারির কারণে চাপের মুখে পড়েছিল। রাজনৈতিক অবস্থান শক্ত করতে দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায় তাকাইচি আগাম নির্বাচনের ডাক দেন।
রক্ষণশীল এই নেত্রী করছাড় ও ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের একটি বড় অংশের সমর্থন আদায় করেন। তবে সমালোচকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাপানের ধীরগতির অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
গত ৩৬ বছরে এই প্রথম শীতকালে জাপানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। টোকিওসহ বিভিন্ন এলাকায় রেকর্ড তুষারপাতের কারণে জনজীবন ব্যাহত হলেও ভোটার উপস্থিতিতে বড় ধরনের ভাটা পড়েনি। অনেক এলাকায় ভোটকেন্দ্র আগেভাগে বন্ধ হলেও তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা ভোটারদের কেন্দ্রে টেনে এনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকায় তরুণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে।







































