ঢাকা–১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন আরও চারজন প্রার্থী। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও সমর্থন জানিয়ে মাঠ ছেড়েছিলেন।
সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে সরাসরি উপস্থিত হয়ে জানান, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করতে তিনি তারেক রহমানকে সমর্থন করছেন। তিনি বলেন, “আমার প্রার্থিতা ভোট বিভক্ত করবে—এজন্য ধানের শীষে ভোট দিন।”
ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, “সবার আগে বাংলাদেশ—এই স্লোগান সামনে রেখে আমি বিএনপি প্রার্থীকে সমর্থন করছি।”
ঢাকার বাইরে থাকা আনারস প্রতীকের মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ঢাকা–১৭ বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়ক আবদুস সালাম অভিযোগ করেন, নির্বাচনী এলাকার কিছু বস্তিতে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে। তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার জন্য হস্তক্ষেপের আহ্বান জানান।





























