চেক বাউন্স মামলায় কিছুদিন আগেই তিহার জেলে আত্মসমর্পণ করেছেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণকে কেন্দ্র করে শুরু হওয়া আইনি জটিলতা শেষ পর্যন্ত গড়ায় কারাবাসে। তবে কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা।
অভিনেতার ম্যানেজার গোল্ডি জানান, সালমান খান, অজয় দেবগন, সোনু সুদ, বরুণ ধাওয়ানসহ অনেকেই রাজপালকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। পরিচালক ডেভিড ধাওয়ানও সহায়তার প্রস্তাব দিয়েছেন। গোল্ডির ভাষ্য, “সবচেয়ে ভালো বিষয় হলো, পরিস্থিতি খারাপের দিকে যেতেই শিল্পমহল তাঁর পাশে দাঁড়িয়েছে। সবাই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও এ ধরনের আর্থিক লেনদেন রাতারাতি সম্পন্ন হয় না।”
এর আগে সোনু সুদ, গুরু রন্ধাওয়া, গুরমীত চৌধুরী, কেআরকে ও সংগীত পরিচালক রাও ইন্দ্রজিৎ যাদবও সহায়তার কথা ঘোষণা করেন। রাও ইন্দ্রজিৎ ১ কোটি ১১ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়ে রাজপালের ব্যাংক বিবরণ প্রকাশ করেন, যা অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে। রাজনীতিবিদ তেজপ্রতাপ যাদব ১১ লাখ এবং কেআরকে ১০ লাখ রুপি দেওয়ার কথা জানান।
মামলার পটভূমি
২০১০ সালে নিজের পরিচালনায় নির্মিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’ প্রযোজনার জন্য দিল্লিভিত্তিক মুরলি প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল যাদব। ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য না পাওয়ায় ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়।





































