সিনেমার প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়ে সংগীতাঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন অরিজিৎ সিং। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই আবারও মঞ্চে দেখা গেল জনপ্রিয় এই শিল্পীকে।
গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক লাইভ কনসার্টে অংশ নেন অরিজিৎ। প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এটিই তাঁর প্রথম কনসার্ট উপস্থিতি।
কনসার্টে গ্র্যামি মনোনয়নপ্রাপ্ত সুরকার ও সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবং পারকাশনবাদক বিক্রম ঘোষের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ। অনুষ্কা শঙ্করের আমন্ত্রণে মঞ্চে উঠে আবেগাপ্লুত অরিজিৎ বলেন, “আমি খুব নার্ভাস। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।”
সন্ধ্যার পরিবেশনায় অরিজিৎ গেয়েছেন ‘মায়া ভরা রাতি’—লক্ষ্মী শঙ্করের কণ্ঠে জনপ্রিয় হওয়া এবং পণ্ডিত রবি শঙ্করের সুর করা একটি কালজয়ী বাংলা ক্ল্যাসিক। এরপর অনুষ্কার সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি পরিবেশন করেন ‘ট্রেসেস অব ইউ’, যা অনুষ্কার সুরে নোরা জোন্সের গাওয়া একটি জনপ্রিয় গান।
কনসার্টের ভিডিও ও ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এর আগে গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অরিজিৎ ঘোষণা দেন, তিনি আর কোনো নতুন সিনেমার প্লেব্যাক গান করবেন না। পোস্টে তিনি লেখেন, “এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না।”
২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে সেরা পাঁচে জায়গা না পেলেও সংগীতজগতে লড়াই চালিয়ে যান অরিজিৎ। পরে আরেকটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নজরে আসেন তিনি।
২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন অরিজিৎ। ২০১৩ সালে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’ গান তাঁকে এনে দেয় তারকাখ্যাতি। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
বর্তমানে কনসার্ট পারফরম্যান্সের জন্য ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের একজন হিসেবে পরিচিত অরিজিৎ সিং।






































