সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৪৪ পিএম
সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আমরা আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর পাওয়া এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে; এখানে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে দেশ আবারও বড় ধরনের সংকটে পড়তে পারে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি বলেন, এই নির্বাচনে সঠিক পথ বেছে নিতে পারলে আগামী পাঁচ বছর বাংলাদেশকে আরও শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিস্থিতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে, কিন্তু ভুল সিদ্ধান্ত জাতিকে নতুন বিপদের মুখে ঠেলে দেবে।

তিনি অভিযোগ করেন, ভোটের সময় ধর্মকে ব্যবহার করে এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, যা জনগণকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত রাখতে পারে। স্বাধীনতাযুদ্ধকে নিজেদের অস্তিত্বের ভিত্তি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের শিকড়, এই যুদ্ধই দিয়েছে স্বাধীন ভূখণ্ড, নতুন দেশ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে যাওয়ার সুযোগ।

তার দাবি, একটি মহল বারবার একাত্তরের চেতনা ও ইতিহাসকে পেছনে ফেলে দিতে চায়, অথচ একাত্তরকে অস্বীকার করা মানে জাতির অস্তিত্বকেই অস্বীকার করা। তিনি বলেন, ১৯৭১-এর স্বাধীনতাযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন এবং অসাম্প্রদায়িকতার প্রশ্নে তারা কোনো আপস করবেন না; এই মূল্যবোধই তাদের রাজনীতির ভিত্তি, আর এই ভিত্তি নিয়েই তারা সামনে এগোতে চান।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!