টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকেই কার্যকর।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এর আগে দুই দফা মূল্য সমন্বয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় নামিয়ে আনা হয়েছিল।
অন্যান্য ক্যারেটের দাম সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে এবার। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা, যা একই সময় থেকে কার্যকর। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।

































