জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে মাঠ কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশনা জারি করা হয়।
ইসি জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এনআইডি সংশোধন ও পুনঃনিবন্ধনের বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। এসব আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মাঠ পর্যায়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, নাগরিক সেবা সচল রাখা এবং আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে এনআইডি সংক্রান্ত সব আবেদন এখন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে। ফলে এসব আবেদন আর আঞ্চলিক পর্যায়ে নয়, সরাসরি এনআইডি মহাপরিচালকের অধীনে নিষ্পত্তি হবে।
ইসির তিন দফা নির্দেশনা অনুযায়ী—
১. জন্মতারিখ সংশোধনের আগের সব আবেদন তালিকাভুক্ত করে ২৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদন ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করতে হবে।
৩. নির্বাচন ও গণভোট উপলক্ষে স্থগিত থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
ইসি জানিয়েছে, জনস্বার্থে এনআইডি কার্যক্রমে দক্ষতা আনার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে নাগরিকরা প্রয়োজনীয় সেবা দ্রুত পান।






























