দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, শীর্ষ ক্যাটাগরিতে মুস্তাফিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:২৬ এএম
দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, শীর্ষ ক্যাটাগরিতে মুস্তাফিজ


ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরের নিলামে এবার ২৩ বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। প্রায় এক হাজার ক্রিকেটারের নামের মধ্যে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন তারকা পেসার মুস্তাফিজুর রহমান যার ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ড এবং পুরো নিলামের তালিকায় তার নাম ২১তম স্থানে।

উল্লেখ্য, আইপিএল ২০২৬ নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে নিলেও পরে বিসিসিআইয়ের নির্দেশে সেই চুক্তি বাতিল হয়, চলতি মাসেই পিএসএলে লাহোর কালান্দার্স তাকে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে নেয়। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বিগ ব্যাশে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন, তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড।

৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা, মোহাম্মদ নাঈম, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

আগামী ১১ ও ১২ মার্চ প্রথমবারের মতো দ্য হান্ড্রেডের নিলাম অনুষ্ঠিত হবে কারণ আগে ড্রাফটের মাধ্যমে দল সাজানো হতো। টুর্নামেন্ট শুরু হবে ২১ জুলাই এবং শেষ হবে ১৬ আগস্ট। এবার কোনো বাংলাদেশি নিলামে বিকিকিনি হলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পাবেন।

Link copied!