জাইমা রহমানের প্রশংসায় তানজিন তিশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৩৯ এএম
জাইমা রহমানের প্রশংসায় তানজিন তিশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে জাইমাকে 'মার্জিত' ও 'বিনয়ী' আখ্যা দিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন এই অভিনেত্রী।

তিশা তার পোস্টে লেখেন, 'জাইমা রহমান সত্যিই অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। বিদেশে বড় হওয়া সত্ত্বেও তিনি যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়।' জাইমার শিকড়ের প্রতি এই গভীর টানকে অনুপ্রেরণাদায়ক উল্লেখ করে তিশা আরও বলেন, 'একজন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে শক্তভাবে আঁকড়ে ধরাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।'

তানজিনের এই পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। উল্লেখ্য, তার পোস্টের ঠিক একদিন আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছিলেন জাইমা রহমান। ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবেই তিনি সেই অনুষ্ঠানে যোগ দেন।

 

Link copied!