‘উইন্টার ইজ কামিং’

‘গেম অব থ্রোন্স’ আদলে জামায়াত আমিরের পোস্টার কেন চট্টগ্রামের বিভিন্ন মোড়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১২:১৫ এএম
‘গেম অব থ্রোন্স’ আদলে জামায়াত আমিরের পোস্টার কেন চট্টগ্রামের বিভিন্ন মোড়ে

জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্স’-এর আদলে তৈরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত পোস্টার চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে টাঙানোকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এ নিয়ে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ব্যানারের সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

গেম অব থ্রোন্সের জনপ্রিয় সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত পোস্টার সম্প্রতি চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় টাঙানো হয়েছে। এগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির। এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

এই সফরকে কেন্দ্র করেই গেম অব থ্রোন্সের আদলে তৈরি ব্যানারগুলো টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যানারে দেখা যায়, ডা. শফিকুর রহমান অগ্রভাগে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে তলোয়ার আকৃতির একটি দাঁড়িপাল্লা। ব্যানারের ওপরের অংশে লেখা রয়েছে ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে উল্লেখ করা হয়েছে—‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

পোস্টারগুলোর বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে এসব ছবি ভাইরাল হয়েছিল। পরে কেউ সেগুলো প্রিন্ট করে ব্যানার আকারে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আমিরে জামায়াতকে কেন্দ্র করে কিছু ফ্যান বেইজ তৈরি হয়েছে। তারা হয়তো তাদের আবেগ বা ক্রেইজ প্রকাশ করতে গিয়ে এমন ব্যানার টাঙিয়েছে। ছবিগুলোর বিশেষ কোনো রাজনৈতিক অর্থ নেই।

চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি বলেও জানান তিনি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে সার্চ দিলে একাধিক পেজ ও গ্রুপ পাওয়া যাচ্ছে, যেখানে এ ধরনের বহু ছবি শেয়ার করা হয়েছে। নেটিজনদের কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি স্টার্ক পরিবারের মূলমন্ত্র। এটি আসন্ন বিপদ ও বড় পরিবর্তনের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হয়, যা সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

Link copied!