ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাতে তাঁর পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
তাসনিম জারা বলেন, তাঁর এজেন্টদের ক্ষেত্রে বানোয়াট নিয়ম প্রয়োগ করা হচ্ছে। কখনও বলা হচ্ছে তারা সংশ্লিষ্ট এলাকার ভোটার নন, কখনও পুরুষ কেন্দ্রে নারী এজেন্টদের থাকতে দেওয়া হচ্ছে না। আবার মোবাইল ফোন নিয়ে প্রবেশ বা ব্যবহার নিয়েও ভিন্ন ভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ভোটাররা যখন নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, তখন তাঁর পোলিং এজেন্টদের বের করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।






























