রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আলী আবু সাঈদ সরকার (৫৩) নামে একজন ভোটারের মৃত্যু হয়েছে। তিনি সাবেক মেরিন ইঞ্জিনিয়ার ও সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। পরিবার নিয়ে তিনি ঢাকার মানিকনগরে বসবাস করতেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ছোট ছেলে ফয়সাল ইসরাককে সঙ্গে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলার সিঁড়িতে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন জানান, তার স্বামী হার্টের রোগী ছিলেন এবং আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন। সকালে তিনি স্ত্রীকে ঘুমে রেখে ছেলেকে নিয়ে ভোট দিতে যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।






























