ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা কেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, নোয়াগাঁও ইউনিয়নে তাঁর দুজন কর্মীকে বুধবার রাতে বিনা কারণে পুলিশ আটক করেছে। এছাড়া আশুগঞ্জ উপজেলার আটটি কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বলেন, বিষয়টি পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
তিনি দাবি করেন, একটি জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছে বলে তাঁরা তথ্য পেয়েছেন।
তবে নির্বাচনে নিজের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন, তিনি শতভাগ আশাবাদী। ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান।
জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন।






























