নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্রে পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
শ্যামলী সুলতানা তার ব্যক্তিগত ফেসবুকে দাবি করেন, বিএনপির নেতাকর্মীরা সড়কে তার গাড়ির গতিরোধ করে রড দিয়ে আঘাত করেন, তার মোবাইল ফোন ছিনিয়ে ভেঙে ফেলেন এবং হামলার ভিডিও ধারণ করেন। এ সময় তার গাড়িচালককেও মারধর করা হয় বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন।
আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন রামদা ও শটগানসহ রাস্তায় অবস্থান নিয়ে হামলায় অংশ নেন। ঘটনাস্থলে ভিডিও করতে গেলে অন্য এক ব্যক্তির ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দ্রুত দোষীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার আহ্বান জানান।
তবে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্র থেকে ফেরার পথে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও কোনো হামলার ঘটনা ঘটেনি।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।






























