পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:২৮ এএম
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকা সম্বলিত একটি ব্যাগসহ আটক করেছে কোস্টগার্ড। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে আবাসিক এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম।

ওসি জানান, কোস্টগার্ড সদস্যরা নিয়মিত টহলের সময় রেজাউল করিমকে সন্দেহজনক অবস্থায় আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার করা ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা পাওয়া যায়। তবে তাঁকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি বলে নিশ্চিত করেছেন ওসি।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী বলেন, কাজল মৃধা একজন প্রতিষ্ঠিত বালু ব্যবসায়ী ও সম্মানিত পরিবারের সদস্য। টাকাসহ আটকের ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন বা বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। কোস্টগার্ড তদন্ত শেষে রেজাউল করিমকে থানায় হস্তান্তর করলে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!