চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নির্ভানা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. শহীদুল, যিনি ওই ভবনে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে ছিলেন।
সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ তাঁকে আটক করে পরে চকবাজার থানায় হস্তান্তর করেন। অভিযান–সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য পুলিশি জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
চকবাজার থানার পুলিশ জানায়, শহীদুল মিয়ানমারের নাগরিক এবং রোহিঙ্গা হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁর কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রসহ তাঁকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে রয়েছে।






























