মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ায় সেখানে আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন ধর্মমন্ত্রী।
বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের উদ্বেগ শোনেন এবং আশ্বস্ত করেন যে এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে।
মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি স্বাভাবিক হলেই দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আম্মান, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা ও বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। ফলে বিশেষ করে ওমরাহ যাত্রীসহ অনেক যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যাত্রীদের নিয়মিত তথ্য দেওয়ার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।





























