ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আলজাজিরার খবর অনুযায়ী, এরপরই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয় এবং জনসাধারণ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে সাধারণ নাগরিকদের অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি বিমানবাহিনী আসন্ন হুমকি প্রতিহত করতে সক্রিয় অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে হুমকি সম্পূর্ণ নির্মূলেও প্রস্তুত বলে জানানো হয়েছে। একাধিক গণমাধ্যম ইতোমধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর প্রকাশ করেছে।
এই উত্তেজনার সূচনা হয়েছিল আরও আগে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। রয়টার্সের সূত্র জানাচ্ছে, হামলার আগেই খামেনি তেহরান ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন এবং তাঁর অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়েছেন বলে জানা গেছে।
নিরাপত্তা সূত্র বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক সমাধানের চেষ্টা চালালেও গত ২৪ ঘণ্টায় উভয় পক্ষ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় যে আলোচনার আর কোনো পথ খোলা নেই। এরপরই শুরু হয় এই সামরিক সংঘাত।
সূত্র: আলজাজিরা, রয়টার্স





































