ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্টে তিনি বিষয়টি নিয়ে অনুভূতি প্রকাশ করেন।
এর আগে শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন ইকরা। পরিবারের ঘনিষ্ঠজনরা ঘটনাটি নিশ্চিত করেছেন।
ভালোবাসা, সম্পর্ক ও মানসিক যন্ত্রণার প্রসঙ্গে তমা মির্জা তাঁর পোস্টে লেখেন, একটি মেয়ে যখন কাউকে ভালোবাসে, তখন সে প্রিয় মানুষটির আর্থিক অবস্থা বা সীমাবদ্ধতার দিকে তাকায় না — বরং পাশে থাকে, সাহস দেয় এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। অথচ অনেক ক্ষেত্রে সফলতা আসার পর সেই মানুষটিই বদলে যায় এবং প্রতারণা, অবহেলা ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।
তমা আরও লেখেন, একটি মেয়ে অনেক কিছু বুকে চেপে রাখতে পারলেও প্রিয় মানুষের বদলে যাওয়া আচরণ সহ্য করা তার পক্ষে সম্ভব হয় না। তখন জীবনের মানে হারিয়ে যায় এবং ভেতর থেকে পরাজিত অনুভব হয়। এই অবস্থায় কেউ কেউ নিজেকে গুটিয়ে নেন, কেউ বা চূড়ান্ত একটি পথ বেছে নেন।
তমা মির্জা উল্লেখ করেন, এভাবে চলে যাওয়ার পরও অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তির জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। তবে তিনি মনে করেন, যিনি নিরন্তর যন্ত্রণা বহন করছিলেন, তিনি হয়তো সেই কষ্ট থেকে সামান্য মুক্তির পথ খুঁজে নিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাঁদের বিয়ের বিষয়টি সবার সামনে আসে। এই দম্পতির একটি সন্তানও রয়েছে।
ঘটনায় শোবিজ অঙ্গনজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।





























