আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামায়াত আমিরের শোক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:৩৪ পিএম
আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে জামায়াত আমিরের শোক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র শাহাদাতের খবরে গভীর শোক প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত।”

বাংলাদেশ জামায়াতে ইসলামী–র আমির শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বব্যাপী মানুষের মনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।

ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সংযম প্রদর্শন করতে হবে এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!