আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষীদের জন্য বিশেষ সুখবর দিল গুগল। গুগল ট্রান্সলেট অ্যাপে প্রথমবারের মতো বাংলা ভাষাকে ভিত্তি করে অন্য ভাষা শেখার সুযোগ যুক্ত করা হয়েছে।
লাইভ ট্রান্সলেটে দুই ভাষার মানুষ, এক কথোপকথন
গুগল ট্রান্সলেটের 'লাইভ ট্রান্সলেট' ফিচার ব্যবহার করে ভিন্ন ভাষার দুজন মানুষ এখন সামনাসামনি বসে অনায়াসে কথা বলতে পারবেন। ব্যবহারকারী বাংলায় কথা বললে অ্যাপটি তা স্বয়ংক্রিয়ভাবে অপর প্রান্তের ব্যক্তির ভাষায় রূপান্তর করে শুনিয়ে দেবে এবং পর্দায় অনুবাদ দেখাবে। একইভাবে, অপরজন নিজের ভাষায় উত্তর দিলে সেটিও মুহূর্তেই বাংলায় অনুবাদ হয়ে যাবে।
এই ফিচারটি কথার মাঝের বিরতি, আঞ্চলিক টান এবং কণ্ঠস্বরের ওঠানামাও শনাক্ত করতে সক্ষম। ফলে বারবার বোতাম না চেপেও একেবারে স্বাভাবিক আলাপের মতো কথোপকথন চালিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে বাংলা, হিন্দি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও কোরিয়ানসহ ৭০টিরও বেশি ভাষায় এই সুবিধা চালু রয়েছে।
জেমিনাই দিয়ে ভাষাচর্চার নতুন অভিজ্ঞতা
ভ্রমণ বা পেশাগত প্রয়োজনে নতুন ভাষা রপ্ত করতে চাইলে গুগল ট্রান্সলেটের 'প্র্যাকটিস' অপশনই এখন সেরা সঙ্গী। অ্যাপের ভেতরে 'প্র্যাকটিস' অপশনে ট্যাপ করলেই শুরু হয়ে যাবে ভাষাশিক্ষার পর্ব। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনাই একটি কাল্পনিক পরিস্থিতি তৈরি করবে, যেখানে শব্দ শুনে অর্থ বোঝার অনুশীলন করা যাবে। কোনো জায়গায় আটকে গেলে অ্যাপটি নিজেই হিন্টস বা সংকেত দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।








































