ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় বিনোদন জগত শোকে স্তব্ধ। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন চলছে তাঁর শেষকৃত্যের প্রস্তুতি। অবশেষে জানা গেল কোথায় চিরনিদ্রায় শায়িত হবেন ইকরা।
রোববার (১ মার্চ) ইকরার খালু কালবেলাকে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইকরার মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। সেখান থেকে আনুমানিক দুপুর ২টার দিকে ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হবেন স্বজনরা। গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে সেখানেই তাঁর দাফন সম্পন্ন করা হবে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় অভিনেতা আলভী ঈদুল ফিতরের একটি নাটকের শুটিং উপলক্ষে নেপালে ছিলেন। ইকরার মৃত্যুর পরপরই সামাজিক মাধ্যমে তাঁর কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে আলভীর বিরুদ্ধে এক সহ-অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের গুরুতর অভিযোগ তুলেছিলেন ইকরা।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে অবহেলা, পরকীয়া এবং চরম মানসিক নির্যাতনের শিকার হয়েই ইকরা এই চরম পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্বজনরা। এই মর্মান্তিক ঘটনায় সারা দেশে তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।





























