আলোচনাসাপেক্ষে  পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ-কনসার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০২:০৯ এএম
 আলোচনাসাপেক্ষে  পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ-কনসার্ট

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির মুখে সমঝোতার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত  হয়েছে।

 সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকালে অনুষ্ঠিত হয় ব্যান্ড হাইওয়ের কনসার্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সোমবারের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা বিএনপির নেতারা। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অতিথিরা বৃক্ষরোপণ করেন। এরপর তারা কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন।

যদিও নবীনবরণ উপলক্ষে গানের কনসার্ট আয়োজনের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনটির পক্ষ থেকে কনসার্ট বাতিলের দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের কাছে আবেদন করা হয়।

আবেদনে সংগঠনটি দাবি করে, ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আদব-আখলাক ও ধর্মীয় মূল্যবোধের সমৃদ্ধ জনপদ। জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের সঙ্গে ধর্মীয় মূল্যবোধ ও মানুষের ধর্মীয় অনুভূতি ওতপ্রোতভাবে জড়িত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নবীনবরণের আয়োজন হলেও তা যেন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও স্থানীয় ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।

পরে আলোচনাসাপেক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ব্যান্ড হাইওয়ের সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার তরুণ-তরুণীরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ হয়।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের মধ্যস্থতায় উভয়পক্ষের বৈঠকে সমঝোতার পর মূল ক্যাম্পাসে নবীনবরণ এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয় গত শনিবার।

বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে সাত-আটজন সদস্য অংশ নেন। অন্যদিকে কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনটির নেতারাও উপস্থিত ছিলেন।

সোমবারের অনুষ্ঠান শেষে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি। সংস্কৃতির রাজধানীখ্যাত এ জেলায় অতীতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ভবিষ্যতেও হবে। কনসার্ট আয়োজন নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল, তবে পরে তা আলোচনার মাধ্যমে মিটে গেছে। শান্তিপূর্ণভাবে কনসার্ট অনুষ্ঠিত হওয়ায় তিনি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন।

Link copied!