দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুই চিরপ্রতিদ্বন্দ্বী অথচ পরম বন্ধু, অজিত কুমার এবং থালাপতি বিজয়। রূপালি পর্দায় তাদের প্রতিযোগিতা নিয়ে যেমন উত্তেজনা থাকে, তেমনই পর্দার বাইরের তাদের বন্ধুত্বের রসায়নও ভক্তদের মন জয় করে নেয়।
সম্প্রতি যুক্তরাজ্যের বিখ্যাত সিলভারস্টোন রেসিং সার্কিটে মিশেলিন লে মান্স কাপে অংশ নিতে গিয়ে ফের নেটপাড়ায় ঝড় তুললেন এই দুই মেগাস্টার। তবে এই মেগা ইভেন্টের মূল আকর্ষণ ছিলেন আরেকজন, জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে, রেসিং ট্র্যাকে অজিত কুমারকে দেখামাত্রই ছুটে গিয়ে পরম উষ্ণতায় জড়িয়ে ধরছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়।
আর তাদের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শক গ্যালারিতে বিজয়ের ঠিক পাশেই বসে থাকতে দেখা যায় তৃষা কৃষ্ণনকে। নীল জিন্স, সাদা টি-শার্ট আর মেরুন জ্যাকেটে তৃষার উপস্থিতির দৃশ্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়।
রেসিং সার্কিটে আসার আগেই লন্ডনে জ্যেষ্ঠ অভিনেত্রী রাধিকা শরৎকুমারের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তৃষাকে। জানা গেছে, নিজেদের নতুন প্রজেক্টের কাজে সেখানে অবস্থান করায় অজিতের এই আন্তর্জাতিক রেস দেখতে সার্কিটে হাজির হয়েছিলেন দুই অভিনেত্রীই।
‘ঘিল্লি’ থেকে শুরু করে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘লিও’, বিজয় ও তৃষার অন-স্ক্রিন কেমিস্ট্রি তামিল ইন্ডাস্ট্রির সেরা জুটিগুলোর মধ্যে একটি। তবে শুধু পর্দার ভেতরেই নয়, ব্যক্তিগত জীবনেও তাদের সম্পর্কের গভীরতা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে।
বিজয়ের রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে ২০২৬ সালের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান— প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই বিজয়ের পরিবারের পাশাপাশি ফ্রন্ট রোতে দেখা গেছে তৃষাকে।
এমনকি বিজয়-সঙ্গীতার দাম্পত্য টানাপড়েনের খবরের মধ্যেও বড় বড় সামাজিক অনুষ্ঠানে এ জুটির একসঙ্গে উপস্থিতি তাদের সম্পর্কের জল্পনাকে উসকে দিয়েছে।
ব্যক্তিগত জীবন চর্চায় থাকলেও অভিনয়ের ময়দানে তুমুল ব্যস্ত তৃষা। অতি সম্প্রতি অজিতের সঙ্গে ‘ভিডামুয়ের্চি’ ও ‘গুড ব্যাড আগলি’ এবং মণি রত্নমের বহুচর্চিত ‘ঠগ লাইফ’-এ দেখা গেছে তাকে।
সামনে মুক্তি পেতে যাচ্ছে চিরঞ্জীবীর সঙ্গে ‘বিশ্বম্ভর’ এবং মোহনলালের সঙ্গে ‘রাম’-এর মতো প্যান-ইন্ডিয়া সিনেমাগুলো। একই ফ্রেমে বিজয়ের উষ্ণ আলিঙ্গন, অজিতের রেসিং প্যাশন আর পাশে তৃষার উজ্জ্বল উপস্থিতি— সব মিলিয়ে সিলভারস্টোনের এই দিনটি তামিল সিনেমা ভক্তদের জন্য এক অনন্য স্মরণীয় মুহূর্ত হয়ে রইল।






























