বগুড়ায় বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১২:১৭ পিএম
বগুড়ায় বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধা পথচারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীর গাড়ি সড়কের পাশের জমিতে নেমে গেছে। এতে ফিরোজা নামে ওই বৃদ্ধা আহত হয়েছেন।

আহত বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রতিমন্ত্রী আবদুল বারী ও তার স্ত্রী সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি সফরে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। তার গাড়িবহর গোপিনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাড়ির সামনে ফিরোজা নামে ওই বৃদ্ধা পথচারী চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িটি সড়কের পাশের জমিতে নেমে যায়।

এ সময় ফিরোজা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ও তার স্ত্রী অন্য একটি গাড়িতে করে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানিয়েছেন, প্রতিমন্ত্রী আবদুল বারী তার সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। গোপিনাথপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

ওসি আরও জানিয়েছেন, বৃদ্ধা নারী আহত হলেও তার অবস্থা গুরুতর নয়। প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সুস্থ আছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি রেকার দিয়ে সরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Link copied!